নিজস্ব প্রতিনিধিঃ প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা এক বেসরকারি নার্সিং হোমে। হাসপাতালে গাফিলতির অভিযোগ তুলে চড়াও হয়েছে পরিবার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। মৃত ওই প্রসূতির নাম জোসনা খাতুন (২৫) বাড়ি চোপড়ার লক্ষ্মীপুর এলাকায়।
পরিবার সূত্রে খবর, শুক্রবার বিকালে প্রসব যন্ত্রণায় ওই প্রসূতিকে রামগঞ্জের এক বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। সন্ধ্যায় সিজার করার পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। গভীর রাতে ওই প্রসূতিকে শিলিগুড়ি মেডিক্যালে রেফার করে নার্সিং হোমের চিকিৎসকরা। এরপর পরিবারের লোকজন শিলিগুড়ি এক নার্সিং হোমে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই ওই প্রসূতির মৃত্যু হয়। এরপর পরিবারের লোকজন ওই নার্সিং হোমের সামনে অ্যাম্বুলেন্সে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে।
এই ঘটনায় নার্সিং হোমের সামনে তৈরি হয়েছে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। শেষমেষ পুলিশের তৎপরতায় নিয়ন্ত্রনে আসে পরিবেশ। রামগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের এক সদস্য জানান, এটা আমাদের রামগঞ্জের দুর্ভাগ্যের বিষয়। যদি নার্সিংহোম কর্তৃপক্ষ পরিকাঠামো ঠিক না রাখে, তাহলে নার্সিংহোম করছে কেন? এটা নিয়ে প্রশাসনকে জানাব না দিলে, নার্সিংহোম বন্ধ করা হোক বলে জানান তিনি।