নিজস্ব প্রতিনিধিঃ শীতেও কমেনি সবজির দাম। আলু-পিঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম আকাশ ছোঁয়া। আর তা নিয়ে বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলু নিয়ে কালোবাজারির বিষয়টি সংশ্লিষ্ট জেলাশাসক-পুলিশ সুপারকে দেখার নির্দেশ দেন তিনি। এরপরেই বিভিন্ন সবজির দাম সরজমিনে দেখতে স্পেশাল টাস্ক ফোর্সের টিম এদিন হানা দিল হাওড়া শহরের বিভিন্ন বাজারে।
শুক্রবার হাওড়ার কদমতলা এবং শিবপুর বাজারে খতিয়ে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা । কত দামে বিক্রি হচ্ছে সবজি সেই খোঁজ নেওয়া হয় । এই নিয়ে হাওড়ার এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার জানিয়েছেন, কালো পথে দাম বাড়ছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। সেইসঙ্গে কোনও পাইকারি বিক্রিতা গুদামে অতিরিক্ত পেঁয়াজ-আলু জমিয় রাখছে কিনা সেই দিকে খবরাখবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে বাজারে সবজির দাম অগ্নিমূল্য। পেঁয়াজের দাম প্রতি কিলো ৭৮ থেকে ৮৬ টাকা। টমেটো প্রতি কিলো ২৩ থেকে ২৫ টাকা। লেবুর দাম ৫৯ থেকে ৬৫ টাকা। কড়াইশুঁটি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে । তবে তুলনামুলকভাবে কম দাম ফুলকপির। এখন প্রতি পিস ১০ টাকা করে বিক্রি হচ্ছে। বলা বাহুল্য, সবজি ও ফলমূলের দাম অনেকটাই আবহাওয়া, মৌসুমি পরিবর্তন এবং চাহিদার ওপর নির্ভরশীল। সেইজন্য সবজির দামের মধ্যে দেখা যায় তারতম্য ।