নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সত্যিই রাহুর দশা চলছে চার বারের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী ম্যানচেস্টার সিটি। গত শনিবারই অ্যাস্টন ভিলার কাছে হারতে হয়েছিল পেপ গার্দিওয়ালার শিষ্যদের। আর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঘরের মাঠে পয়েন্ট খোয়াতে হল অবনমনের আশঙ্কায় ধুঁকতে থাকা এভারটনের কাছে। খেলার ফল ১-১। জয়ের আনন্দ নিয়েই ইত্তেহাদ স্টেডিয়াম ছাড়তে পারতেন সিটি সমর্থকরা। কিন্তু তা সম্ভব হয়নি ক্লাবের তারকা ফুটবলার আর্লিং হল্যান্ডের পেনাল্টি মিসের কারণে। এদিন ম্যাচ ড্র করায় ১৮ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে চার বারের চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে এভারটন।
পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়তে হলেও শুরুটা দুর্দান্ত করেছিল পেপের শিষ্যরা। ম্যাচের ১৪ মিনিটে জেরেমি ডোকুর থ্রু পাস বক্সে পেয়ে দুরূহ কোণ থেকে শট নেন বের্নার্দো সিলভা, প্রতিপক্ষের একজনের পায়ে লেগে এভারটনের জালে জড়ায়। এক গোলে এগিয়ে যাওয়ার পরে আরও আগ্রাসী হয়ে ওঠে সিটির খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ শানিয়ে এভারটনের রক্ষণ ভাগকে ব্যতিব্যস্ত করে রাখেন হল্যান্ডরা। কিন্তু ম্যাচের গতির বিপরীতে ৩৬ মিনিটে আচমকাই গোল হজম করে বসে সিটি। ডান দিক থেকে আসা ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হন মানুয়েল আকঞ্জি। সেই বল ধরে দারুণ কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান সেনেগালের ফরোয়ার্ড ইলিমান। প্রথমার্ধে ১-১ গোলে ম্যাচ অমীমাংসিত রেখেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের জন্য ঝাঁপায় পেপ গার্দিওয়ালার শিষ্যরা। দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল আর্লিং হল্যান্ডের কাছে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ৫১ মিনিটে তরুণ ফরোয়ার্ড সাভিনিয়ো বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। কিন্তু হলান্ডের নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ফিরতি বল সতীর্থের থেকে পেয়ে হেডে অবশ্য জালে পাঠিয়েছিলেন হল্যান্ডের। কিন্তু অফসাইডের কারণে ওই গোল বাতিল করা হয়। আর তাতেই কপালে পোড়ে সিটির। পুরো ম্যাচে আধিপত্য নিয়ে খেলেও গোলের মুখ খুলতে পারেননি সিটির খেলোয়াড়রা।