নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আগের দুই ম্যাচে কপালে হার জুটেছিল। শনিবারও (২২ ফেব্রুয়ারি) প্রিমিয়ার লিগে যখন প্রথমে দুই গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড তখন সমর্থকরা ধরেই নিয়েছিলেন, হারের হ্যাটট্রিকের সাক্ষী থাকতে হবে। কিন্তু প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখে এভারটনের সঙ্গে ড্র করে মাঠ ছাড়লেন ব্রুনো ফার্নান্ডেজরা। আর এদিন জেতা ম্যাচ ড্র করে ফের একবার চোকার্সের তকমা পেলেন এভারটনের খেলোয়াড়রা। প্রিমিয়ার লিগের ২২ ম্যাচে শুরুতে ২ গোলের লিড পেয়েও জয়ের দেখা পেলেন না।
এদিন গুডিসন পার্কে অনেকটা উজ্জীবিত হয়েই শুরু থেকে ম্যান ইউকে চেপে ধরে এভারটন। ক্রিস্টাল প্যালেস ও টটেনহ্যামের কাছে হারের ধাক্কা যে সামলাতে পারেনি ওল্ড ট্র্যাফোর্ডের দলটি তা বোঝা গিয়েছিল। ম্যাচের ১৯ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন দুকুরে। বক্সের মধ্যে সেই বল পেয়ে সুযোগের সদ্ব্যবহার করেন পর্তুগিজ তারকা মাতান বেতো। বাঁ পায়ের জোরাল শটে ম্যান ইউয়ের জাল কাঁপিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে দেন। ১৪ মিনিট বাদে ৩৩ মিনিটের মাথায় জ্যাক হারিসনের শট ইউনাইটেডের রক্ষণে প্রতিহত হয়। পরের মিনিটেই দারুণ হেডে কাঙ্ক্ষিত ঠিকানা খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার দুকুরে। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় এভারটন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন ব্রুনো ফার্নান্ডেজ ও ম্যানুয়েল উগার্তেরা। একের পর এক আক্রমণ শানিয়ে এভারটনের রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখেন। যদিও তিন কাঠির নিচে বল গলাতে পারেননি। অবশেষে ৭২তম মিনিটে কাঙ্খিত গোল পায় ম্যামন ইউ। ফ্রি কিক থেকে চমৎকার গোল করেন পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার তথা দলের অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। আট মিনিট বাদে দারুন গোলে দলকে সমতায় ফেরান ম্যান ইউ’র উরুগুয়ে তারকা উগার্তে। সংযুক্তি সময়ে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। রোমাঞ্চকর এক জয়ের স্বপ্ন দেখতে থাকেন এভারটনের সমর্থকরা। যদিও ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করা হয়।