নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২১ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন(দুদক)। মঙ্গলবার(১৭ ডিসেম্বর) দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক স্বাক্ষরিত এক স্মারক থেকে এই তথ্য সামনে আসে। শুধু তাই নয়, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৮০ হাজার কোটি টাকা লোপাট করার যে অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে তা নিয়েও তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন।
শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র(আরএনপিপি) থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮০ হাজার কোটি টাকা) লোপাট করেছেন।
এখানেই শেষ নয়, এছাড়া তাঁরা আশ্রয়ণসহ অন্যান্য প্রকল্পেও দুর্নীতি করেছেন। সে সংক্রান্ত অভিযোগ সামনে রেখে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
এই নিয়ে দুদকের মহাপরিচালক জানান, ‘প্রাক্তন ডিবি প্রধান হারুন অর রশীদ, প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল ও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মো.জাহাঙ্গীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়ায় মামলা রুজু করেছে দুদক। শেখ হাসিনা ও তাঁর পরিবারের দুর্নীতির অনুসন্ধানে অনুসন্ধান টিম খুব শীঘ্রই তৈরি করা হবে।’