নিজস্ব প্রতিনিধি: বাড়িতে লেগেই থাকত দাম্পত্য কলহ। এরই মাঝে সম্পর্কে আসে তৃতীয় ব্যক্তি। যার জেরে ঘুমন্ত স্বামীর যৌনাঙ্গ কেটে দিল স্ত্রী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে থানার পেচেরপাড়া এলাকায়। অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত ওই মহিলার এটি দ্বিতীয় বিয়ে। দুই সন্তানের মা ওই মহিলা হাসানুর শেখের সঙ্গে সংসার করতে শুরু করে। পরিবার সূত্রে খবর, বিয়ের পর থেকে দুজনের অশান্তি লেগেই ছিল। সম্ভবত হাসানুর অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তার তীব্র বিরোধিতা করত ওই মহিলা। সে কারণে ক্রমশ বাড়ে অশান্তি। শনিবার রাতে অশান্তি সপ্তমে ওঠে।
এরপর ঘুমিয়ে পড়েন হাসানুর। ঘুমোতে চলে যায় তার স্ত্রী-ও। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র হাতে হাসানুরের উপর চড়াও হয় মহিলা। হাসানুরের পুরুষাঙ্গ কেটে দেয় বলেই অভিযোগ। যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে হাসানুর। চিৎকার চেঁচামেচিতে দৌড়ে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করেন। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ স্থানান্তরিত করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।
উল্লেখ্য, বিগত বেশ কিছুদিন আগে হাওড়ায় প্রাক্তন প্রেমিকের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ ওঠে এক তরুণীর বিরুদ্ধে। যৌনতার অছিলায় নির্জন জায়গায় যুবককে ডেকে তার গোপনাঙ্গে কোপ দেয় তরুণী। সম্পর্ক নিয়ে টানাপোড়েনের জেরে এমন নৃশংস হামলা বলেই জেরায় জানান ধৃত। ফের সেই একই ঘটনার ছবি ধরা পড়ল ডোমকলে।