নিজস্ব প্রতিনিধি: আরজিকর কাণ্ডে ধর্ষণ ও খুনের ঘটনায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই । কিন্তু গ্রেফতারের ৯০ দিনের মাথায় চার্জশিট দিতে পারল না সিবিআই। তাই জামিনের নির্দেশ দিল শিয়ালদহ আদালত।
গত ৯ অগস্ট আরজিকর হাসপাতালে কর্মরত তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ। এই ঘটনার জন্য গত ১৪ সেপ্টেম্বর আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘদিন ধরেই আদালতে চলছিল এই মামলার শুনানি। আর আজ সিবিআইয়ের পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়ার কথা ছিল। কিন্তু চার্জশিট জমা না দেওয়ার জন্য সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জামিনের নির্দেশ দিল আদালত। তবে তাঁর বিরুদ্ধে আর্থিক কারচুপির মামলা চলায় এখনই জেলমুক্তি হবে না সন্দীপ ঘোষের।
উল্লেখ্য, গত সোমবার আদালতে মামলায় সিবিআই তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন। আজ আদালতে সিবিআই আইনজীবী জানান, চার্জশিট জমা দিতে পারছেন না, এখনও তদন্ত চলছে। এবার তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। কেন ৩ মাসের মাথায় সিবিআই জমা দিল না চার্জশিট? এর নেপথ্যে আসল কারন কি? এই নিয়েই একাধিক মহলে উঠছে নানা প্রশ্ন।