নিজস্ব প্রতিনিধি : ফের শিরোনামে এলেন চিনের সর্বকালের সেরা ফুটবলার লি টাই। চিনের প্রাক্তন এই ফুটবলারকে ঘুষ নেওয়ার অপরাধে ২০ বছরের কারাদন্ড দিল আদালত। ঘুষ নেওয়া ও কোচিংয়ের চাকরি পেতে ঘুষের প্রস্তাব দেওয়ার অপরাধও স্বীকার করে নিয়েছেন তিনি।
চলতি সপ্তাহে চিনা ফুটবল অ্যাসোসিয়েশনের(সিএফএ)৩ সদস্যকে ঘুষের অভিযোগে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এক ডজনের বেশি কোচ ও খেলোয়াড়ের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত এখনও চলছে। চিনের প্রাক্তন এই খেলোয়াড় ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে তাঁকে নিয়ে বড় ধরনের দুর্নীতির অভিযোগ সামনে আসে।
চলতি বছরের গত মার্চে ১ কোটি ডলারের বেশি ঘুষ নেওয়ার অপরাধ স্বীকার করেছেন লি টাই। এরপরই দোষী সাব্যস্ত হন তিনি। এর মধ্যে চিনের সরকারি সম্প্রচারক সিসিটিভিতে লি টাইয়ের দুর্নীতি একটি তথ্যচিত্রও বানানো হয়েছে। যেখানে নিজের অপরাধের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি।
উল্লেখ্য, চিনের প্রাক্তন এই ফুটবলার চিনের হয়ে ৯২ ম্যাচ খেলেছেন। চিনের জার্সিতে ২০০২ সালের বিশ্বকাপেও খেলেছেন তিনি। চিনের ক্লাব লিয়াওনিং থেকে ২০০২ সালের আগস্টে প্রিমিয়ার লিগের ক্লাব এভারটনে যোগ দেন লি টাই।ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে ২০০২–০৩ মৌসুমে ২৯ ম্যাচ খেলে এভারটনকে লিগ টেবিলের সাতে তুলে মৌসুম শেষ করেছিলেন লি।