নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনতে বরাবরই কর্মসূচির দিকে জোর দিয়ে থাকে প্রশাসন। গ্রীষ্ম হোক বর্ষা , কিংবা শীত, সারাবছরই চলে ডেঙ্গু নিয়ন্ত্রন কর্মসূচি। তবে ইংরেজি ক্যালেন্ডারে ডিসেম্বর মাস চললেও শীত না পড়ায় মাত্রাতিরিক্তভাবে বাড়ছে ডেঙ্গুর প্রভাব।
স্বাস্থ্যদফতর প্রাপ্ত রেকর্ড অনুযায়ী, চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৫২২ জন। পরের ৫-৬ দিনে আক্রান্তের সংখ্যা আরও কিছুটা যে বেড়েছে তা বলাই চলে। রাজ্য স্বাস্থ্যদফতরের তথ্যের দিকে চোখ রাখলে বোঝা যাচ্ছে, এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গু পজিটিভ হয়েছে ২৩ হাজার ৮৪ জনের। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গু টেস্টের পর রিপোর্ট পজেটিভ এসেছে ৬ হাজার ৪৮৩ জনের।
সেই সঙ্গে স্বাস্থ্য দফতর বছরের শেষে ডেঙ্গুর উপসর্গ নিয়েও ভয়ের ইঙ্গিত দিচ্ছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, কাঁপুনি দিয়ে জ্বর, হাত-পা ব্যথা, বমির সাথে এ মরশুমে ডেঙ্গু আক্রান্তদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে শ্বাসকষ্ট। কারও কারও ক্ষেত্রে সমস্যা মারাত্মক আকার ধারন করছে। করোনার পর ডেঙ্গুতেও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকরাও রীতিমতো ভীত।