আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনার মধ্যে হামাসকে কড়া হুঁশিয়ারি দিলেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্কার করে জানিয়ে দিলেন,দায়িত্ব নেওয়ার আগে গাজায় সমস্ত বন্দিদের মুক্তি দিতে হবে। আর তা না হলে ভয়ানক পরিণতি হবে হামাসের।
সোমবার(২ ডিসেম্বর)ট্রাম্প নিজের সামাজিক মাধ্যমের এক পোস্টে লিখেন, শপথ নেওয়ার আগেই যদি গাজায় বন্দিদের মুক্ত করে দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের ‘ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হবে। মধ্যপ্রাচ্যে শান্তি আনা ভীষণ প্রয়োজন।’
গত ৫ নভেম্বরে মার্কিন নির্বাচনে বিরাট জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার আগেই হামাসকে কড়া বার্তা দিলেন তিনি।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইজরায়েলে মারণ হামলা চালায় হামাস। এতে অন্তত এক হাজার ২০০ জন নিহত হয়েছে। এছাড়া সেইসময় ২৫০ জনকে বন্দি করে নিয়ে যায় হামাসরা। বন্দিদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন এবং বেশ কয়েকজনকে মুক্তি দিয়েছে হামাস। তবে এখন হামাসের হাতে ৯৭ জন বন্দি রয়েছে।
এদিকে গত বছরের ৭ অক্টোবরের পর থেকেই গাজায় অবিরাম হামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে ইজরায়েল। গাজাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। গত বছর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত হয়েছে ১ দশমিক ৭ মিলিয়নের বেশি মানুষ। প্রায় এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজার কোন স্থানই নিরাপদ নয়। গাজার প্রত্যেক কটা স্থান ইজরায়েলি বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে। মসজিদ,বাস ভবন থেকে শুরু করে স্কুল এমনকী হাসপাতালও বাদ যায় নি ইজরায়েলের হাত থেকে।নেই খাদ্য ব্যবস্থা, নেই জল। চিকিৎসার অভাবে ভুগছে হাজার হাজার মানুষ।