নিজস্ব প্রতিনিধিঃ বাংলার ছয় আসনে উপ নির্বাচনে সবুজ ঝড়। মাদারিহাট এবং সিতাই দুই আসনে বিজেপিকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল । শুধু তাই নয় এই প্রথমবার মাদারিহাট বিধানসভায় ফুটল ঘাসফুল। আর এই জয়ের পরেই মুখ খুললেন বিজেপি নেতা জন বারলা।
তিনি দাবি করেন, ‘ওয়ান ম্যান আর্মি লিডারশিপের খেসারত দিতে হল বিজেপিকে। যার সঙ্গে চা বাগানের কোন যোগাযোগ নেই, মানুষের সঙ্গে কোনও যোগাযোগ নেই, তাকে নেতা করলে কি ফল ভুগতে হয়, তা আজ হাড়ে হাড়ে টের পেল গেরুয়া শিবির।‘ একেবারে নাম না করেই মনোজ টিগ্গাকে তিনি আক্রমণ করেছেন। বলা বাহুল্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে বিজেপির হয়ে জিতেছিলেন জন বারলা। তাঁকে করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী। তবে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি বিজেপি । এই আবহে মাদারিহাট কেন্দ্র থেকে বিজেপির ভরাডুবি হতেই বিস্ফোরক মন্তব্য করলেন জন বারলা।
উল্লেখ্য, ১৩ বছর তৃণমূল সরকারে এলেও মাদারিহাট কেন্দ্র থেকে একবারেও জিততে পারেনি। ২০১৬ ও ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মাদারিহাট কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপির মনোজ টিগ্গা। চলতি বছরে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্রে পদ্ম প্রতীকে জিতে তিনি জয়ী হন। সেইজন্য মাদারিহাটে অনুষ্ঠিত হয় বিধানসভা উপনির্বাচন। আর তাতেই জয়ের মুখ দেখল ঘাসফুল শিবির। ২৮ হাজার ১৬৮ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী রাহুল লোহাকে জয় ছিনিয়ে নিয়েছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো।