নিজস্ব প্রতিনিধিঃ ট্যাব কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য । এই আবহে এবার শুক্রবার বাগডোগরা বিমানবন্দর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্যাব কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘ ট্যাব দুর্নীতির ঘটনায় সিট গঠন হয়েছে। ইতিমধ্যেই তদন্ত করে গ্রেফতারও করা হচ্ছে।‘
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন , যাদের ট্যাবের টাকা ঢোকেনি তাদেরকে পুনরায় দেওয়া হবে সেই টাকা। শুধু তাই নয় বিমানবন্দর থেকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন,’ আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। ৬ জনকে গ্রেপ্তার করেছি। বাকি বাকি যা করার ওরা করবে।‘ এখান থেকেই স্পষ্ট যে ট্যাব কেলেঙ্কারি নিয়ে বেশ তৎপর রাজ্য প্রশাসন।
উল্লেখ্য, রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ নামে একটি প্রকল্প রয়েছে। আর সেই প্রকল্পের মাধ্যমে ট্যাব কেনার জন্য পড়ুয়াদের রাজ্য সরকারের তরফ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়। মূলত , এই টাকা পেয়ে থাকে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা । আর এবার সেই টাকাই হয়ে যাচ্ছে গায়েব। বিভিন্ন স্কুলের পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকেনি। জেলায় জেলায় উঠেছে ভুরি ভুরি অভিযোগ। যা খবর, সব জেলা মিলিয়ে ৩০০ পড়ুয়ার অ্যাকাউন্টে ঢোকেনি ১০ হাজার টাকা। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এখন পর্যন্ত ট্যাব দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন মোট ৬ জন।