নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুই তরুণ ব্যাটার শুভমন গিল ও ঋষভ পন্থের চওড়া ব্যাটে ভর করে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের রান টপকে গেল টিম ইন্ডিয়া। যদিও আজাজ পটেলের ঘূর্ণিতে নিচের সারির ব্যাটাররা নাস্তানাবুদ হওয়ায় মধ্যাহ্নভোজনের বিরতির পরেই ২৬৩ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। সফরকারী দলের তুলনায় প্রথম ইনিংসে মাত্র ২৮ রানে এগিয়ে রোহিত বাহিনী। ভারতীয় দলকে ৩০০ রানের গণ্ডি পার করতে না দেওয়ার নায়ক আজাজ পটেল ১০৩ রানে ৫ উইকেট নিয়েছেন।
৮৬ রানে ৪ উইকেট খুঁইয়ে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল টিম ইন্ডিয়া। অপরাজিত দুই ব্যাটার শুভমন গিল ও ঋষভ পন্থ মাথা ঠাণ্ডা করে খেলতে শুরু করেন। কিউই বোলারদের পাল্টা আক্রমণে গিয়ে দুই ব্যাটার দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। কীভাবে পঞ্চম জুটি ভাঙবেন তা নিয়ে চিন্তায় পড়ে যান কিউই অধিনায়ক টম ল্যাথাম। ঋষভকে (৬০) লেগ বিফোরের ফাঁদে ফেলে জুটি ভাঙতে সফল হন ইশ সোধি। ভেঙে যায় ৯৬ রানের জুটি। ঋষভ আউট হওয়ার পরে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান শুভমন। দলকে ২০০ রানের গণ্ডি পার করে দেন দুজনে। যদিও বল হাতে ৫ উইকেট নেওযা জাদেজা ব্যাট হাতে দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি। মাত্র ১৪ রান করে গ্লেন ফিলিপ্সের বলে সাজঘরে ফেরেন।
পরের ওভারে শূন্য রান করে ফেরেন সরফরাজ খান। প্রথম টেস্টে শতরান করার পরে কার্যত তরুণ মুম্বইকরের ব্যাটে রান খরা চলছে। ঘরের মাঠেও ব্যর্থ হয়েছেন তিনি। যেভাবে খেলছিলেন শুভমন তাতে সবাই ধরে নিয়েছিলেন শতরান পেয়ে যাবেন। কিন্তু নব্বইয়ের ঘরে গিয়ে নার্ভাস হলেন তিনি। আজাজ পটেলের বলে ড্যারিল মিচেলের হাতে ক্যাচ তুলে বিদায় নিলেন (৯০)। রবিচন্দ্রন অশ্বিন (৬)-ও তেমন রান পাননি। তিনিও আজাজের শিকার। অকারণে রান নিতে গিয়ে শূন্য রানে সাজঘরে ফিরলেন আকাশদীপ। আর তার ফলেই ২৬৩ রানে গুটিয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ওয়াশিংটন সুন্দর ৩৬ বলে ৩৮ রান করে অপরাজিত রইলেন।