নিজস্ব প্রতিনিধিঃ চলছে দুর্গাপুজো। বন্ধু- পরিবারকে সঙ্গে নিয়ে মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। এই আবহে নবমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের তিন সদস্য। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, এই দুর্ঘটনায় নিহতরা হলেন- মা অর্চনা হালদার (৩৪), বাবা বিক্রম হালদার (৩৭) এবং মেয়ে ১৩ বছরের অনন্যা হালদার। নবমীর রাতে তারা তিন জন জাতীয় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় কলকাতা থেকে শিলিগুড়িগামী একটি বাস তাদেরকে ধাক্কা মারে। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাস চালক।
দুর্ঘটনার পর তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য নিয়ে গেলে স্থানীয়রা মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে দুর্ঘটনা স্থানে যায় রেজিনগর থানার পুলিশ। এরপরেই ঘাতক বাসটির চালককে বহরমপুর থেকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। তবে এই দুর্ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বলা বাহুল্য, দুর্গাপুজোর সপ্তমীর হুগলির পোলবায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়। তাতে প্রাণ হারান তিন যুবক আহত হয় একজন। এই ঘটনার রেশ কাটতে না কাটতে নবমীতে ফের ঘটল দুর্ঘটনা।