আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছর সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং। তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে নানান ঐতিহাসিক মুহূর্তে এবং মানুষের জীবনের নানান কথা। তাই চলতি বছর হান ক্যাংকে সাহিত্যে নোবেলের জন্য ভূষিত করা হয়েছে। সুইডিশ একাডেমি দ্বারা প্রদান করা এই পুরস্কারের মূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন।
হান ক্যাং ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্যিক পরিবারের জন্মগ্রহণ করেন। তার বাবা একজন স্বনামধন্য ঔপন্যাসিক ছিলেন। হান কাং ১৯৯৩ সালে দক্ষিণ কোরিয়ার একটি ম্যাগাজিনে বেশ কয়েকটি কবিতা প্রকাশের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালে ছোটগল্প সংকলনের মাধ্যমে তার গদ্যের আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকেই চলতে থাকে সাহিত্য চর্চা।
উল্লেখ্য, সাহিত্যে নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় ১৯০১ সালে। সেই প্রথম নোবেল জেতেন ফরাসি কবি ও প্রাবন্ধিক সুলি প্রুদোম। এখন পর্যন্ত ১২০ জন সাহিত্যিককে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে। বলা বাহুল্য, চলতি বছর চিকিৎসা শাস্ত্রের পুরস্কার ঘোষণার মধ্য দিয়েই শুরু হয়েছে নোবেল পর্ব । ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীরা হলেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান। অন্যদিকে ৮ অক্টোবর পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পান রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স জন জে. হোপফিল্ড ও জিওফ্রে ই. হিন্টন। আর এবার রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন জাম্পার। বৃহস্পতিবার সাহিত্য নোবেল জয়ীর নাম প্রকাশিত হল। আর শুক্রবার শান্তিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। কে পাবেন সেই পুরস্কার সেটাই এখন মূল দেখার বিষয়।