আন্তর্জাতিক ডেস্কঃ মহাকাশ থেকে ফিরলেন না ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। আর তাঁর সঙ্গী বুচ উইলমোর। তাদেরকে ছাড়াই শনিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে পৃথিবীতে ফিরে এসেছে বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুল। স্থানীয় সময় সকাল ৯ টা ৩০ মিনিট নাগাদ নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে অবতারণ করেছে।
এদিন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে মহাকাশযান অবতরণের ভিডিও লাইভ সম্প্রচার করা হয়। বিজ্ঞানীদের দাবি, প্রথমে অবতরণের সময় বায়ুমণ্ডলে থাকাকালীন যানটির হিটশিল্ড চালু রাখা হয়। এরপর খোলা হয় প্যারাসুট। তারপরেই আস্তে আস্তে অবতরণ করে। মোট ৬ ঘণ্টা ধরে মহাকাশ থেকে পৃথিবীতে নামার এই গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত ৫ জুন এই বোয়িং স্টারলাইনার ক্যাপসুলে চড়েই মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ উইলমোর। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটদিন কাজ করার পর তাদের ফেরার কথা ছিল পৃথিবীতে। তবে সেইসময় আচমকাই সুনীতাদের বাহনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর তাতে নাসা সিদ্ধান্ত নেয়, স্টারলাইনারে করে সুনীতারা ফিরতে পারবে না পৃথিবীতে। সেইজন্য স্পেস এক্সের যান ২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে মহাকাশে গিয়ে সুনীতাদের ফিরিয়ে আনবে পৃথিবীতে। এরফলে প্রায় আটমাস তাদেরকে থাকতে হবে মহাকাশেই।