নিজস্ব প্রতিনিধিঃ শিরোনামে উত্তরপ্রদেশের হাথরস। শুক্রবার রাতে হাথরস জেলায় ৯৩ নম্বর জাতীয় সড়কে যাত্রীবোঝাই বাস এবং মিনি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতে প্রাণ হারিয়েছেন ১৭ জন। আহত হয়েছেন বেশ কয়েকজন তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, নিহতরা হলেন- ইরশাদ (২৫), মুন্নে খান (৫৫), মুসকান (১৬), তাল্লি (২৮), তাবাসসুম (২৮), নাজমা (২৫), ভোলা (২৫), খুশবু (২৫), জামিল (৫০), ছোটে (২৫), আয়ান (২), সুফিয়ান (১), আলফাজ (৬), শোয়েব (৫) ও ইশরাত (৫০)। নিহতরা বেশিরভাগই খান্দাউলির সেমরা গ্রামের বাসিন্দা । পুলিশ সুপার নিপুন আগরওয়াল বলেন, ‘আগ্রা-আলিগড় জাতীয় সড়কে যাত্রীবাহী বাসটি ভ্যানটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে। আর তাতে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।‘ ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
এই দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন। আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।