নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তদন্ত করবে সিবিআই। মঙ্গলবারই এই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। এই আবহে বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় এল তদন্তকারী সংস্থার দল। সঙ্গে রয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরাও।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই মামলায় এক মাত্র ধৃত সিভিক ভলান্টিয়ারকে এদিন নিজেদের হেফাজতে নিতে চলেছে সিবিআই। আর তার জন্য সিবিআই বিশেষ আদালতে আবেদন করবেন। পাশাপাশি, এদিন তদন্তকারী সংস্থার দল আরজি কর মেডিক্যাল কলেজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারা ঘুরে দেখবেন ঘটনাস্থল। বলা বাহুল্য, তদন্তভার নেওয়ার পর মঙ্গলবার সন্ধেয় সিবিআইয়ের একটি দল টালা থানায় গিয়ে আরজি কর মামলা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করেছে। এরপর বুধবার সকালেই সিবিআইয়ের বিশেষ এসে পৌঁছয় কলকাতায়।
উল্লেখ্য, শুক্রবার সকালে আরজি করের চার তলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তে সামনে আসে তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আর তা নিয়ে ছড়িয়ে চাঞ্চল্য। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ‘এই হত্যা কাণ্ডের সঙ্গে যুক্ত দোষীর ফাঁসির শাস্তি দাবি জানান উচিত। সেটাও আবার যেন ফাস্টট্র্যাক আদালতে যেন সম্পন্ন হয়।‘ইতিমধ্যেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে। শুধু তাই নয় আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার জেরে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা।