নিজস্ব প্রতিনিধিঃ ফের প্যান্টোগ্রাফ ভেঙে ঘটল বিপত্তি। শুক্রবার শেওড়াফুলি ঢোকার আগে আচমকাই ভেঙে পড়ল প্যান্টোগ্রাফ। আর তাতেই ব্যাহত হল হাওড়া-ব্যান্ডেল শাখায় ডাউন লাইনে পরিষেবা। ঘটনার জেরে ভরদুপুরে গরমের মধ্যে ব্যাপক সমস্যার মধ্যে পড়েন যাত্রীরা।
এই ঘটনা প্রসঙ্গে রেলের তরফে জানান হয়েছে , বিকেল ৪টে নাগাদ ডাউন ব্যান্ডেল লোকাল বৈদ্যবাটি ছেড়ে শেওড়াফুলি স্টেশনে ঢোকার আগেই ঘটল বিপত্তি। আচমকাই প্যান্টোগ্রাফ ভেঙে ওভারহেড তার ছিঁড়ে যায়। এরপরেই ব্যাহত হয় ট্রেন চলাচল। খবর পাওয়ার পর তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান রেলকর্মীরা। জোর কদমে চলছে উদ্ধারকাজ। তবে কখন থেকে ফের ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে তা এখন রেলের তরফে জানান হয়নি।
উল্লেখ্য, প্যান্টোগ্রাফ থেকে আগুনের ফুলকি বেরনোর ফলে দিন পাঁচেক আগে ব্যাহত হয় ট্রেন চলাচল। প্রায় ৩৫ মিনিট বন্ধ ছিল পরিষেবা। এছাড়াও চলতি বছর এপ্রিল মাসে পান্ডুয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় ব্যাহত হয় বর্ধমান – হাওড়া ডাউন লাইনের ট্রেন চলাচল। খবর পেয়েই তৎপর হয় রেল কর্তৃপক্ষ। দেড় ঘণ্টারও বেশি সময় পর স্বাভাবিক হয়েছিল পরিষেবা । তবে বারবার কী করে ভেঙে পড়ছে প্যান্টোগ্রাফ , তা নিয়ে উঠছে প্রশ্ন।