নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের তোড়জোড়। আর এই সরকারের প্রধান হিসাবে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার রয়েছে শপথ অনুষ্ঠান। তারআগে টাকার তোলার ওপর ঊর্ধ্বসীমা বসিয়ে দিল বাংলাদেশ ব্যাঙ্ক । এবার থেকে তোলা যাবে না এক লাখের বেশি নগদ টাকা।
বুধবার রাতে বাংলাদেশ ব্যাংকের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, নগদ টাকা তোলার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর। তবে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা লেনদেন কিংবা অনলাইনে টাকা লেনদেনের ওপর কোন নিয়ম কার্যকর হবে না। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কী কারণে এই সিদ্ধান্ত তা এখন জানা যায়নি।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর বেড়ে গিয়েছে নগদ টাকা লেনদেনের মাত্রা। বিশেষত্ব আওয়ামী লিগের পরিবারের সদস্যদের মধ্যে এই টাকা তোলার চাপ বেড়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আগে কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেইজন্য এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ব্যাঙ্ক।