নিজস্ব প্রতিনিধি : পাতে একটু চিকেনের ছোঁয়া না পেলে মনটা তো খারাপ হবেই। তবে মন খারাপ করে লাভ নেই। ভরা বর্ষার মরশুমে উপভোগ করুন ‘বাটার চিকেন’।চিকেনের অনেক পদ খেয়েছেন এবার স্বাদ বদলাতে পারেন একটু অন্যরকমভাবে বানিয়ে। অনুষ্ঠানবাড়ি হোক বা বিয়েবাড়িতে প্রায় হয়ে থাকে বাটার চিকেন।তবে আপনিও সহজেই বাড়িতে বসে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। জেনে নিন কীভাবে বানাবেন!
উপকরণ : চিকেন ৫০০ গ্রাম, ধনেপাতা কুচি, ম্যারিনেট করতে- লাল লঙ্কা গুঁড়ো, আদা ও রসুন বাটা, ১০০ গ্রাম টক দই, স্বাদ মতো লবন।গ্রেভির জন্য- সাদা মাখন ১৮০ গ্রাম, টমেটো পিউরি(টমেটো বাটা) ৫০০ গ্রাম, লাল লঙ্কা গুঁড়ো, কালো জিরে, কাঁচা লঙ্কা, মৌরি (থেঁতো করা),চিনি
প্রণালী : প্রথমে চিকেনগুলি ভাল করে ধুয়ে নিন। এবার একটি বাটিতে আদা, রসুন বাটা, দই, লবন ও লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিন। এবার ভাল করে ফেটিয়ে নিন।চিকেন এই মিশ্রণে ম্যারিনেড করে ফ্রিজে সারা রাত রেখে দিন। সারা রাত না রাখতে পারলে অন্তত ৬ ঘণ্টা রাখতে পারলে ভাল হয়।
এবার ম্যারিনেড করা চিকেন তন্দুর বা ওভেনে সেঁকে নিন যতক্ষণ না এর বেশিরভাগটা সেদ্ধ হয়ে আসছে। এবার কড়াইতে সাদা মাখন গরম করে নিন।এর মধ্যে টোম্যাটো পিউরি দিন। ২-৩ মিনিট নেড়ে জিরে, চিনি, লাল লঙ্কা গুঁড়ো ও লবন দিন।
ভাল করে মিশিয়ে ম্যারিনেড করা চিকেন দিন। সাদা মাখন, কাঁচা লঙ্কা, থেঁতো মৌরি দিয়ে ৩-৪ মিনিট নেড়ে চিকেন পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না হতে দিন। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। নান পুরি, পরোটা বা সাদা ভাতের সঙ্গেও গরম গরম পরিবেশন করতে পারেন।