নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রকাশিত হল NEET-UG পরীক্ষার ফলাফল । শনিবার অফিশিয়াল ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রেজাল্ট আপলোড করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ৷ শহর এবং পরীক্ষা কেন্দ্র ধরে ধরেই দু ভাবে ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা exams.nta.ac.in/NEET/ এবং neet.ntaonline.in. এই দুই ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) এনটিএ-কে নিট ইউজি-র ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে ওয়েবসাইটে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর প্রকাশ করলেও তাঁদের পরিচয় গোপন রাখার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত৷ আর সেই নির্দেশ মেনে এদিন দুপুর ১২ টার আগে ফলাফল ঘোষণা করল এনটিএ।
উল্লেখ্য, ৫ মে গোটা দেশে হয়ে গিয়েছে NEET-UG পরীক্ষা। হবু ডাক্তারদের ভবিষ্যতের পথ খোলে এই পরীক্ষার মাধ্যমেই। অর্থাৎ NEET পরীক্ষার মাধ্যমেই মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারে পড়ুয়ারা। এবার মোট ২৩.৩৩ লাখ পড়ুয়া সর্বভারতীয় এই পরীক্ষায় বসেছিলেন। গত ৪ জুন নিট ইউজির রেজাল্ট প্রকাশ করে এনটিএ। কিন্তু তার পরই এই সর্বভারতীয় প্রবেশিকায় কারচুপির অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয় দেশ। সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। পাশাপাশি আদালতের নির্দেশে ১,৫৬৩ জনকে ফের পরীক্ষা নিতে হয়েছিল এনটিএ-কে। এই আবহে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হল NEET-UG পরীক্ষার ফলাফল ।