নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের পর এবার বিহার। গত ২৪ ঘণ্টায় বাজ পড়ে একদিনে প্রাণ হারালেন ২৫ জন। আহত হয়েছেন ৩৯ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে বজ্রপাতে নিহতদের মধ্যে মধুবনীতে ৫ জন, ঔরঙ্গাবাদে ৪ জন, সুপলে ৩ জন, নালন্দায় ৩ জন, লখিসরাই ও পাটনায় ২ জন করে এবং বেগুসরাই, জামুই, গোপালগঞ্জ, রোহতাস, সমস্তিপুর ও পূর্ণিয়ায় ১ জন করে মারা গেছেন। ইতিমধ্যেই বিহারের সরকারের তরফে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিহারে শুধু জুলাই মাসে বজ্রপাতে ৫০ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার বিহারের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে । আর তাতেই একদিনে প্রাণ হারালেন ২৫ জন। শুধু তাই নয় বৃহস্পতিবার তারারি থানার অন্তর্গত বরকা গাঁও গ্রামে শ্রেণিকক্ষের ওপর বাজ পড়ে ২২ জন শিক্ষার্থী আহত হয়েছে। বর্তমানে তাঁরা আরা সদর হাসপাতালে ভর্তি আসে।
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, আগামী দু- তিন দিন বিহারের বিভিন্ন জায়গায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে বৃহস্পতিবার বাজ পড়ে উত্তরপ্রদেশে একদিনে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এই ঘটনার পর একই চিত্র এবার দেখা গেল বিহারে।