নিজস্ব প্রতিনিধিঃ ফের ট্রেনে মধ্যে ঘটল মর্মান্তিক ঘটনা। ট্রেনের ওপরের বার্থ থেকে পড়ে মৃত্যু হল এক যাত্রীর। ঘটনাটি ঘটেছে ১২৬৪৫ এর্নাকুলাম-হজরত নিজামুদ্দিন মিলেনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে। জানা গিয়েছে, গত ১৬ জুন রবিবার ট্রেনে করে বন্ধুদের সঙ্গে কেরলের বাসিন্দা আলি খান সিকে আগ্রা যাচ্ছিলেন। কিন্তু তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলার মধ্য দিয়ে যখন ট্রেনটি যাচ্ছিল সেইসময় আচমকাই উপরের বার্থ থেকে পড়ে যান আলি খান।
এই ঘটনার পর ৬০ বছর বয়সী বৃদ্ধ ঘাড়ে গুরুত্বর আঘাত পান। প্রাথমিকভাবে তাকে রামাগুন্ডামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে হায়দ্রাবাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বুধবার তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে প্রাণ হারান। এই ঘটনার পর থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই ট্রেনে যাত্রী মৃত্যুর ঘটনা নিয়ে সরব হয়েছে কেরল কংগ্রেস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে কেরলের কংগ্রেস এই দুর্ঘটনার জন্য নরেন্দ্র মোদি সরকারকে দায়ী করেছে। কারণ, বিজেপির আমলে একাধিকবার ট্রেন নিয়ে উঠেছে অভিযোগ। এই ঘটনা প্রসঙ্গে রেল মন্ত্রকের মুখপাত্র জানান, ‘চেইন ঠিক না থাকায় আপার বার্থ সিটটি নিচে পড়ে যায়।‘ এই ঘটনার পর ফের রেলের মধ্যে যাত্রী সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। বারবার ট্রেনে একের পর এক ঘটনা নিয়ে চিন্তায় পড়েছে যাত্রীরা।