ইন্দ্রজিৎ রায়: প্রযুক্তির জগতে নতুন ইতিহাস রচনা করল চিন। বেজিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী ফুটবল ম্যাচ, যেখানে মাঠে ছিল না কোনও মানুষ, বরং খেলোয়াড় ছিল AI (Artificial Intelligence) চালিত হিউম্যানয়েড রোবট! এমন দৃশ্য আগে কেউ দেখেনি, কারণ এটি ছিল বিশ্বে প্রথমবার সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবট বনাম রোবট ফুটবল ম্যাচ।
ম্যাচের খুঁটিনাটি
এই ৩ বনাম ৩ রোবট ফুটবল ম্যাচ ছিল একটি ডেমো প্রদর্শনী। আগামী অগস্টে বেজিংয়ে অনুষ্ঠিত হবে World Humanoid Robot Games 2025। এই জন্যই আগে একটি ডেমো প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়। এখানে অংশ নিয়েছিল মোট চারটি দল। প্রতিটি দলে ছিল তিনটি রোবট খেলোয়াড় ও একটি অতিরিক্ত রোবট। ম্যাচটি ১০ মিনিটের দুই হাফে বিভক্ত ছিল, মাঝে ছিল ৫ মিনিটের বিরতি। রোবটগুলো ছিল বুস্টার রোবোটিক্স সংস্থার তৈরি T1 মডেল। এই রোবটগুলোতে অত্যাধুনিক ভিজ্যুয়াল সেন্সর এবং প্রি-ইনস্টলড AI অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে, যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের দ্বারা প্রস্তুত।
হাস্যকর, কিন্তু চমকপ্রদ মুহূর্ত
সিংহুয়া বিশ্ববিদ্যালয়-এর THU Robotics দল ফাইনালে চিন কৃষি বিশ্ববিদ্যালয়-এর Mountain C দলকে ৫-৩ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। রোবটরা শুধু বল কিক করেনি, তারা গোলের পর হাত নেড়ে উদযাপনও করেছে! তবে মাঝে মাঝে তারা পড়ে গিয়েছে, এমনকি দুই রোবটকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে—যা দেখে দর্শকরা হেসে কুটোপাটি!
প্রযুক্তির নতুন দিগন্ত
এই ম্যাচ কেবল বিনোদনের জন্য নয়—এটি ছিল রোবটিক্স ও AI গবেষণার এক বাস্তব পরীক্ষা। বুস্টার রোবোটিক্স-এর সিইও চেং হাও বলেছেন, “এই ধরনের ম্যাচ আমাদের অ্যালগরিদম এবং হার্ডওয়্যার-সফটওয়্যারের ইন্টিগ্রেশন পরীক্ষার সেরা উপায়। ভবিষ্যতে রোবট ও মানুষ একসাথে খেলতে পারে, তবে নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে।”
মরগান স্ট্যানলির রিপোর্ট অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে চিনের রোবটিক্স বাজার ১০৮ বিলিয়ন ডলার ছুঁতে পারে। এমন প্রযুক্তিগত উদ্যোগ সেই লক্ষ্য পূরণেরই ইঙ্গিত দেয়।
কী অপেক্ষা করছে?
আগামী ১৫ থেকে ১৭ অগস্ট, World Humanoid Robot Games 2025-এ ১১টি ইভেন্টে রোবটরা অংশ নেবে—ফুটবল, জিমন্যাস্টিকস, ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে শুরু করে সিনক্রোনাইজড ডান্সিং পর্যন্ত। এই ম্যাচ শুধু প্রযুক্তির নয়, মানুষ ও যন্ত্রের সহাবস্থানের এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। ভবিষ্যতে হয়তো আমরা মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রোবটদের খেলতে দেখব, যেখানে খেলার আনন্দ আরও বাড়বে। চিন আজ দেখিয়ে দিল—রোবটরা কেবল যন্ত্র নয়, ভবিষ্যতের সহচর।