নিজস্ব প্রতিনিধি, আমডাঙ্গা: পরকীয়া! এই পরকীয়ার জেরেই শুটআউট। উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙায় পরকীয়াকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে চলল গুলি। গুলিবিদ্ধ এক তৃণমূলকর্মী। তারাবাড়িয়া পঞ্চায়েতের রাউতারা এলাকায় মঙ্গলবার রাতে গুলিতে আহত হন ওই তৃণমূলকর্মী। এই ঘটনায় মূল অভিযুক্ত সহ গ্রেফতার ২।
জানা গিয়েছে, তৃণমূলকর্মী মশিয়ার মণ্ডলের মুখে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে বারাসত হাসপাতালে। পুলিশের প্রাথমিক অনুমান, পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। অভিযোগের তীর উপপ্রধানের ছেলের বিরুদ্ধে। অভিযোগ, মশিয়ার রহমানের স্ত্রীয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত ছিল তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওমার আলির ছেলে আরিফুল। এই ঘটনার প্রতিবাদ করেছিল তার স্বামী। এই বিষয়টি নিয়ে গ্রামে সালিশি সভাও বসেছিল। ওই ঘটনায় স্ত্রীকে বাপের বাড়িতে রেখেছিল মশিয়ার।
মঙ্গলবার রাতে বল্লমপুরে ওই তৃণমূলকর্মীকে দেখতে পেয়ে মোটরসাইকেলে এসে আচমকাই গুলি চালায় আরিফুল। এরপরে মশিয়ার রহমানের পরিবার এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজে নিয়ে যায়। বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ মূল অভিযুক্ত আরিফুল সহ আরও একজনকে গ্রেফতার করেছে।
পাশাপাশি অভিযুক্তের কাছে এই বেআইনি আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল তা জানার চেষ্টা করছে পুলিশ। মশিয়ার শ্বশুর জানান, তার জামাই নিজের বাড়ি মেরামতি করছিল। বাড়ি ঠিক হয়ে গেলে স্ত্রীকে নিয়ে যাবে বলেছিল। কিন্তু এদিনের এই ঘটনায় তারা আশ্চর্য। গোটা ঘটনায় ওই গ্রামে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, মশিয়ার ও আরিফুলের মধ্যে আগে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু স্ত্রীর সঙ্গে পরকীয়ার ঘটনা জানার পর থেকে সেই সম্পর্ক ছেদ হয়ে গিয়েছিল।