নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি দু’নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের আতাপুর(Atapur) নতুন পল্লীর রাস্তার হাল বেহাল। বর্ষা এলেই নিত্যদিনের দুর্ভোগ আরও বাড়ে।দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকার মানুষ চরম সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। রাস্তার উপর জমে থাকে হাঁটু সমান জল, আর তার সঙ্গী হয় পিচ্ছিল কাদা। এমন অবস্থায় স্কুলে যাওয়া থেকে শুরু করে হাট বাজার বা অসুস্থ রোগী নিয়ে যাতায়াত—সবই হয়ে উঠছে দুর্বিষহ।
বৃষ্টির দিনে কাদাযুক্ত রাস্তার উপর দিয়ে হাঁটা তো দূরের কথা, সাইকেল বা মোটরসাইকেল নিয়ে বের হওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। অনেকে নিতান্তই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হন না।স্থানীয়রা জানিয়েছেন, বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে এই রাস্তা মেরামতের দাবি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। বর্ষার সময় জল নিকাশির কোনও ব্যবস্থা না থাকায় জমে থাকা জলেই তৈরি হয় কাদার স্তর। গ্রামের প্রবীণরা জানাচ্ছেন, “রাস্তায় হাঁটু সমান জল, তার উপর পিচ্ছিল কাদা—প্রতিদিন এই দুর্ভোগ নিয়ে আমাদের চলতে হচ্ছে। রোগী নিয়ে বের হলে ভ্যান, অটো চলতে পারে না। বিপদে পড়তে হয়।”
এলাকার মানুষের দাবি, দ্রুত এই রাস্তার পাকা করন এবং সঠিক নিকাশির ব্যবস্থা করা হোক, যাতে বর্ষার সময় আর দুর্ভোগ পোহাতে না হয় তাদের। সুন্দরবনের একাধিক নদী থাকা শর্তেও নিকাশি ব্যবস্থা এতটাই বেহাল যার কারণে গ্রামের জল নদীতে যেতে পারে না আর তাতেই দুর্ভোগে পড়াতে হচ্ছে সুন্দরবনবাসীদের। গত কয়েকদিনের বৃষ্টিতে ভয়ংকর হয়ে উঠেছে সেখানকার রাস্তা। গর্ভবতী মায়েদের ওই রাস্তা দিয়ে চলাচল বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।