নিজস্ব প্রতিনিধিঃ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সন্দীপের বিরুদ্ধে তদন্তে রোজই পাওয়া যাচ্ছে নতুন নতুন নথি। আর এবার প্রকাশ্যে হদিশ মিলল সন্দীপের নয়া বাংলোর। সেই বিলাসবহুল বাংলো রয়েছে ক্যানিং ২ নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
১০ বিঘা জমির ওপর তৈরি এই বিলাসবহুল বাংলোর উপরে লেখা ‘সঙ্গীতাসন্দীপ ভিলা’। সন্দীপের স্ত্রীর নাম সঙ্গীতা ঘোষ। তাই স্ত্রীর সঙ্গে নাম রেখেই এই বাংলোর নাম রেখেছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সূত্রের খবর, বছর দুই আগে এই বাংলোটি তৈরি করা হয়েছিল। আর এটি দেখভাল করার জন্য রয়েছে একজন কেয়ারটেকারও ৷ মাঝেমধ্যেই পরিবার নিয়ে এখানে সময় কাটাতে আসতেন সন্দীপ ঘোষ।
এই বিলাসবহুল বাংলোর কেয়ারটেকার জানিয়েছেন, ‘প্রায় দু’বছর আগে এই বাড়িটি তৈরি হয় । মাঝেমধ্যেই পরিবার নিয়ে এই নারায়ণপুরের বাংলো বাড়িতে আসতেন সন্দীপ ঘোষ।‘ তবে আরজি করের ঘটনার পর থেকে তিনি আর এই বাংলোতে আসেননি । উল্লেখ্য, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই গ্রেফতার করেছে সন্দীপকে। বর্তমানে আটদিনের সিবিআই হেফাজতে তিনি রয়েছেন। আর তারই মধ্যে এই নতুন সম্পত্তির হদিশ।