নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা। এই আবহে এবার চিকিৎসকের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর তথ্য। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা মত্ত অবস্থায় থাকায় মৃত্যু হল এক রোগীর। ঘটনাটি ঘটেছে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে।
মৃত ব্যক্তি হলেন প্রশান্তকুমার সাউ। বিগত বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। প্রথমে তাঁকে ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপরেই তাঁকে ভর্তি করা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজে। আর সেখানেই মৃত্যু হয় প্রশান্তকুমারের। এই ঘটনা প্রসঙ্গে নিহতের পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকের গাফিলতি এবং দীর্ঘ ক্ষণ সেখানে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল। আর তারজেরেই মৃত্যু হয় প্রশান্তকুমারের।
এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালের মেডিক্যাল সুপার তথা সহ অধ্যক্ষ জানিয়েছেন, ‘ওই চিকিৎসককে হাসপাতালে মনোরোগ বিভাগে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করবেন।‘ তবে হাসপাতালে সুপার মানতে নারাজ যে চিকিৎসক মত্ত অবস্থায় ছিল। সূত্রের খবর, অভিযুক্ত চিকিৎসক হলেন বীরভূমের বাসিন্দা উত্তম কানরি। বর্তমানে তিনি সাগর দত্ত মেডিক্যাল কলেজের চিকিৎসক। তবে এই ঘটনার জেরে হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।