নিজস্ব প্রতিনিধি, পুরাতন মালদা: মনসা গানের মেলায় পাপড় বিক্রি করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেতাজি পল্লীর বাসিন্দা সুধীর দাস(Sudhir Das) প্রতিদিনের মতো ওই মেলায় পাপড় বিক্রি করছিলেন। অভিযোগ, স্থানীয় বাসিন্দা খগেন মণ্ডল নেশাগ্রস্ত অবস্থায় এসে পাপড় কিনতে চান। পাপড় দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে আচমকাই তেলের কড়াই তুলে সুধীরবাবুর উপর ঢেলে দেন খগেন মন্ডল। ঘটনাস্থলেই গুরুতরভাবে দগ্ধ হন তিনি।
ওই পাপড় বিক্রেতার চিৎকার শুনে মেলার অন্যান্যরা ছুটে এসে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।এই ঘটনার পর সুধীর দাসের পরিবার মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত খগেন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। খগেন মন্ডলকে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। আহত পাপড় (Papar)ব্যবসায়ীর জবানবন্দী নিয়েছে পুলিশ। রাগের বসে নেশাগ্রস্থ অবস্থায় খগেন মণ্ডল কিভাবে এই ঘটনা ঘটাল তা পুলিশ তদন্ত করে দেখছে। তদন্তের স্বার্থে ওই পাপড় ভাজার কড়াইটি পুলিশ আটক করেছে।যাদের বাড়িতে এই মনসা গানের অনুষ্ঠান ছিল তারা জানান, ওই অনুষ্ঠান উপলক্ষে মেলা বসেছিল। সেখানে পাপড়ের দোকান ছিল। নেশাগ্রস্ত অবস্থায় খগেন মন্ডল এসে সবার আগে পাপড় চান।
দোকানদার দিতে দেরি করায় রেগে গিয়ে পাপড় বিক্রেতার গায়ে যে করাইতে গরম তেলে পাপড় ভাজা হচ্ছিল তা ঢেলে দেন। ওই ব্যবসায়ী আর্তনাদ করতে থাকে। তার স্ত্রী স্বামীর এই পরিস্থিতি দেখে কাঁদতে থাকেন। এরপর স্থানীয় মানুষজন ছুটে এসে ওই পাপড় বিক্রেতাকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে অবস্থার অবনতি হওয়ায় মালদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এলাকার মানুষজন খগেন মন্ডলের কঠিন শাস্তি দাবি করেছে।