নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: বহু জায়গায় বড় বড় মানুষের নাম করে হুমকি, প্রতারণার খবর জানতে পারা যায়। এরকমই একটি ঘটনা ঘটল কলকাতার বুকে। মন্ত্রী শশী পাঁজার PA পরিচয় দিয়ে রাস্তায় ঘুরে বেরাচ্ছে এক ব্যক্তি। ভুয়ো ক্ষমতা দেখিয়ে সাধারণ মানুষকে হুমকিও দিতে দেখা যায় ওই অপরাধীকে। পুলিশের কাছে এই অভিযোগ দায়ের পরেই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাজ শঙ্কর, ও বয়স ৩৩। জানা গিয়েছে অভিযুক্ত কলকাতারই বাসিন্দা। ব্যক্তির সঙ্গে একটি নীল বাতি লাগানো চারচাকা গাড়িও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রাজ শঙ্কর কলকাতার কদম্বগাছি এলাকার থাকতেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, রাজ দীর্ঘদিন ওই এলাকার বিভিন্ন জায়গার মানুষদের নানা রকমভাবে হুমকি দিচ্ছেন। এমনকী নানা রকমের ভুয়ো পুলিশ আধিকারের পরিচয়তেও অপরাধী হুমকি দেন বলে জানা যায়।
রাজ শঙ্করের বিরুদ্ধে আরও অভিযোগ আসে, সে মন্ত্রী শশী পাঁজার নাম ভাঙিয়ে একাধিক বিষয়ে বিভিন্ন থানার পুলিশদেরকেও ফোন করতেন। তার পরই বুধবার রাতে দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ি এলাকায় ওই নীল চার চাকা গাড়িতে করে এলাকার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিতে শুরু করায় স্থানীয়দের সন্দেহ হয়। তখনই তাঁরা পুলিশকে খবর দেন। তার পর ওই ব্যক্তিকে কদম্বগাছি ফাঁড়ির পুলিশ রাজ শঙ্করকে গ্রেফতার করে।
সূত্রের খবর, রাজের নামক ওই ব্যক্তির সঙ্গে মন্ত্রী শশী পাঁজার কোনও দিন কোনও সম্পর্কই ছিল না। জানা গিয়েছে, অভিযুক্তকে কদম্বগাছি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করে বারাসাত আদালতে নিয়ে যাওয়া হয়।