নিজস্ব প্রতিনিধিঃ ঘরের মধ্যে আচমকা সিলিন্ডার বিস্ফোরণ। দাউদাউ করে জ্বলতে শুরু করল বাড়ি। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ২ সদস্যের। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জন। সেই সঙ্গে বিস্ফোরণের এই তীব্রতায় ভেঙে পড়েছে দোতলা বাড়ির একাংশ। এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের লালবাজারের মাঝি পাড়া এলাকায় ।
স্থানীয় সূত্রে খবর, লালবাজারের মাঝি পাড়ার পাল দম্পতি এক মেয়ে এবং দুই নাতনিকে নিয়ে থাকতেন। এক নাতনি একাদশ এবং অন্যজন অষ্টম শ্রেণিতে পড়েন। আচমকায় বৃহস্পতিবার রাতে বিকট আওয়াজ শুনতে পান তারা। কয়েকজন বাইরে বেরিয়ে দেখেন, পাল বাড়ি দাউদাউ করে জ্বলছে। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। খবর দেওয়া হয়েছিল দমকল দফতরে। বৃহস্পতিবার ভোর রাতে দমকল বাহিনীর চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন।
কী কারণে আগুন লাগল? তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে বা শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। বাড়ির বাইরে বেরিয়ে আসার সুযোগ পাননি কোনও সদস্যই। পরিবারের ৫ জনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক নিতাই এবং মিনাকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা সেখানেই চিকিৎসাধীন। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।