নিজস্ব প্রতিনিধিঃ- গোটা ডিসেম্বর মাস হাহুতাশ করে বসে থাকলেও দেখা মেলেনি শীতের। শীতের আমেজকে ছাড়াই বড়দিন কাটিয়েছে বাঙালি। বছরের শেষ দিনেও নেই শীতের দাপট। তবে নতুন বছর পড়লেই বদলে যাবে আবহাওয়া। চলবে শীতের ইনিংস, জানাল আবহাওয়া দফতর।
৩১ ডিসেম্বরের রাত পেরিয়ে নতুন বছরের সূর্য উঠলেই খেলা দেখাবে শীত। হাওয়া অফিস সূত্রে খবর, ১ জানুয়ারি থেকে ঠাণ্ডার অনুভূতি মিলবে। পারদ পতনের সম্ভাবনারও জারি করা হয়েছে। বড়জোর ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ফলে শীতের একটা আমেজ তৈরি হতে পারে। তবে জাঁকিয়ে নয়, হালকা শীতেই বর্ষবরণের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে তাপমাত্রা নামবে একটু একটু করে।
এতদিন পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে আজ তথা মঙ্গলবার থেকে দু’–তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা সাময়িক কমবে বলে আশ্বাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে গত সপ্তাহ খানেক ধরে দক্ষিণবঙ্গে এক রকম গায়েব হয়ে যাওয়া শীত, নতুন বছরে ঘুরে দাঁড়াতে পারে বলে আশায় ছিলেন অনেকে। সে আশায় খানিকটা জল ঢেলে আবহবিদরা জানাচ্ছেন, এই ঠান্ডার আমেজ কিন্তু মোটেই দীর্ঘস্থায়ী হচ্ছে না। কারণ শীতের পথে বাঁধা হয়ে দাঁড়াবে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ১ থেকে ৬ জানুয়ারির মধ্যে দু’টি পশ্চিমী ঝঞ্ঝা পরপর উত্তর–পশ্চিম ভারতের উপর দিয়ে যাওয়ার কথা। ফলে প্রভাব পড়বে বঙ্গের শীতে। আজ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। অর্থাৎ বছরের শেষ দিনেও বাড়ছে না শীত।