নিজস্ব প্রতিনিধি : সামনেই সরস্বতী পুজো। তবে এইসময় উষ্ণতা বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামীকাল বুধবার(২৯ জানুয়ারি)থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ। রাজ্য জুড়েই তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে।
তবে একইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে। সরস্বতী পুজোয় স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকবে পারদ৷ সরস্বতী পুজোয় থাকবে উষ্ণতার ছোঁয়া। আগামিকাল, বুধবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা।
কলকাতায় মঙ্গলবার(২৮ জানুয়ারি)সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
চলছে মাঘের মাঝামাঝি সময়।তবুও জাঁকিয়ে শীতের দেখা মেলে নি এখনও। সোমবার আগের দিনের তুলনায় রাজ্যে তাপমাত্রা কিছুটা কমেছে।মঙ্গলেও পারদ পতন হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।জানুয়ারির শেষে ও ফেব্রুয়ারির শুরুতে রাজ্যে তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছে যেতে পারে।
এদিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি, শিলাবৃষ্টি, এমনকী তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল ও বুধবার। অন্যদিকে বুধবার(২৯ জানুয়ারি)ও বৃহস্পতিবার ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। বুধবার ঘন কুয়াশা সতর্কবার্তা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়।