নিজস্ব প্রতিনিধিঃ পর পর পশ্চিমি ঝঞ্ঝা। আর তাতেই রাজ্য জুড়ে অধরা শীত । পৌষ পেরিয়ে মাঘ মাস শুরু হলেও তাপমাত্রা তেমন কমেনি। আগামী চার- পাঁচদিন রাজ্যের তাপমাত্রার খুব একটা বদল হবে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস । এখান থেকেই স্পষ্ট যে চলতি মরসুমে জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা খুবই কম ।
বৃহস্পতিবারের চেয়েও শুক্রে তাপমাত্রা বেড়েছে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা হলেও কম । সেইসঙ্গে দক্ষিণবঙ্গেও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশার সম্ভাবনা একটু বেশি। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গে দেখা গিয়েছে একই চিত্র । উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে আলাদা করে কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । সকাল – সন্ধ্যা শীতের আমেজ থাকবে । আগামী ৫ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর ।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা এক ডিগ্রি বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯৬ শতাংশ । বলা বাহুল্য, গত এক সপ্তাহে কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করেছে । আগামী কয়েকদিন পারদের কোন হেরফের হবে বলে জানিয়ে দিল হাওয়া অফিস ।