নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরে রাজ্যে স্বমহিমায় বিরাজ করছে শীত। কলকাতা সহ দক্ষিনবঙ্গের জেলাগুলিতে বেশ শীতের প্রভাব অনুভব করছে আমজনতা। এরই মাঝে ফের শীতের পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে অনেকটাই উধাও হবে শীতের প্রভাব। সেই সঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, পরপর পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পড়ছে শীতে। ফলে আটকে যাবে উত্তুরে হাওয়া। বাড়বে পুবালী হাওয়ার দাপট। সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসবে জলীয় বাষ্প। পৌষ সংক্রান্তির আগেই উত্তর-পশ্চিম ভারতে হাজির হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির জাঁকিয়ে শীতে কাঁটা হতে পারে এই ঝঞ্ঝা। উত্তরবঙ্গে ফের ঘন কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গের কয়েক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। শনিবার ঘন কুয়াশায় দৃশ্যমানতা উত্তরবঙ্গের দার্জিলিং-সহ চার জেলায় ৫০ মিটারের কাছাকাছি নেমে আসবে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেই সঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। সোমবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এই বৃষ্টিপাত। তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি যেতে পারে। সিকিমে তুষারপাতের সম্ভাবনা। তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উত্তরের উঁচু পার্বত্য এলাকায়।
শুক্রবার সকালে খুব হালকা ছিল কুয়াশা। মূলত পরিষ্কার আকাশ। দিন ও রাতের তাপমাত্রা একইরকম। আপাতত স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রার পারদ। আগামিকাল তাপমাত্রায় বড় কোন পরিবর্তন নেই। কলকাতায় ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রার পারদ। রবিবার থেকে হাওয়া বদল। আগামী সপ্তাহের শুরুতেই সামান্য বাড়তে পারে উষ্ণতা। তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৫ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।