নিজস্ব প্রতিনিধিঃ শীতের মুখে বঙ্গে বাড়ল তাপমাত্রার পারদ। একধাক্কায় প্রায় তিন ডিগ্রিতে বাড়ল কলকাতার তাপমাত্রা। কলকাতা -সহ দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেড়েছে পারদ। আগামী বেশ কয়েকদিন আবহাওয়ার কোন বদল হবে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আগামীকাল অর্থাৎ শনিবার থেকে রাজ্যের তিন জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আগামী ২ দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেইসঙ্গে আগামী বেশ কয়েকদিন দুই থেকে তিন ডিগ্রি বাড়তে চলেছে সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৩.৫ ডিগ্রি বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম।
তবে এদিন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমেছে কৃষ্ণনগর, শ্রীনিকেতন , আসানসোল, সিউড়ি, ক্যানিং, ঝাড়গ্রাম, ব্যারাকপুর, বর্ধমান, মগড়ায় ও দমদমে। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। তবে এইসকল এলাকাগুলিতে সকালের দিকে বাড়বে কুয়াশার প্রকোপ ।