নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা বাংলা। পথে নেমেছে আমজনতা থেকে সমাজের জনপ্রিয় মুখ সকলেই। কিন্তু পথে নামেনি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কোনও কোনও মহল থেকে বলা হয়েছে, এ হেন নৃশংস ঘটনায় তাঁকে প্রতিবাদ প্রত্যাশিত ছিল। এই নিয়ে শনিবার সৌরভ বলেন,’ মানুষের পাশে রয়েছি। তবে রাস্তায় নামলেই যে মানুষের সঙ্গে থাকা যায়, ওটা একমাত্র পরিচয় নয়।‘ একথায় এই বক্তব্য থেকে স্পষ্ট যে সৌরভ আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেও রাজপথে নামবেন না।
শুধু তাই নয় বাংলার মহারাজ বলেন,’ আগেও বলেছিলাম যে এটা ভয়ঙ্কর ইস্যু। এটা নারকীয় ঘটনা। আশা করব এর কঠোর শাস্তি হবে। সিবিআই এবার দায়িত্ব নিয়েছে। তদন্তভার নিয়েছে তাঁরা। এই ঘটনা ভীষণই লজ্জাজনক।‘
বর্তমানে আরজি করের ঘটনা গোটা দেশ ছাড়িয়ে বিদেশে অবধি পৌঁছিয়ে গিয়েছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ২৪ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা করেছেন। এদিন আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সৌরভ জানান,’ আমাদের এটাও মাথায় রাখতে হবে চিকিৎসা ব্যবস্থা যেন বেহাল না হয়। ভীষণ গুরুত্বপূর্ণ একটা দফতর এই স্বাস্থ্য। তাই চিকিৎসার দিকটাও চিকিৎসকদের ভাবা উচিত। ‘