নিজস্ব প্রতিনিধি : অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়। রবিবার তাঁকে ভর্তি বেলভিউ হাসপাতালে। দমদমের তৃণমূল সাংসদকে বিকেল ৩টে নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। সিটি স্ক্যান ও এমআরআই করা হবে বলে জানা গিয়েছে। হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে সাংসদের।
জানা গিয়েছে, রবিবার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তিনি। আচমকাই বুকে অস্বস্তি বোধ করেন। পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়ায় তড়িঘড়ি তাঁকে কলকাতার বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরেই শুরু হয় চিকিৎসা। তৃণমূল সাংসদের বুকে পেসমেকার বসানো রয়েছে। তারমধ্যেই বুকে অস্বস্তি অনুভব করেছেন সাংসদ। এক সপ্তাহ ধরে শরীরে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। কিন্তু রবিবার অবস্থা খারাপ হওয়ায় পরিবারের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চলতি বছরে তৃতীয়বার গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়লেন দমদমের তৃণমূল সাংসদ। মার্চের দিকে লোকসভা অধিবেশন চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় সংসদ থেকে বেরনোর সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হুইলচেয়ারে বসিয়ে তাঁকে অধিবেশন কক্ষ থেকে বের করে আনা হয়েছিল। এবার বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে আনার পর তাঁর রুটিন কিছু চেকআপ করা হয়েছে। জানা গিয়েছে, সাংসদের স্নায়ুর সমস্যাও রয়েছে। তাঁর সিটি স্ক্যান ও এমআরআই করা হবে।
মে মাসের দিকে ফের অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তখনও কলাকাতেই ছিলেন সাংসদ। জানা গিয়েছিল, নিজের লোকসভা এলাকায় একটি মন্দির উদ্বোধন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাড়াতাড়ি ভর্তি করা হয়েছিল হাসপাতালে। গত মাসেই বুকে বসানো হয়েছিল পেসমেকার। এবার ফের বুকে ব্যথা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন।