নিজস্ব প্রতিনিধি:-ডিসেম্বর মাস মানেই ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে ছুটির মরসুম। ভিক্টোরিয়া, ময়দান সহ চিড়িয়াখানা সর্বত্রই থাকে মানুষের ভিড়। তবে এবার বাচ্ছাদের নিয়ে চিড়িয়াখানায় গেলে দিতে হবে না আর লম্বা লাইন। বড়দিনের প্রাক্কালে এবার এক নয়া ব্যবস্থা নিল আলিপুর চিড়িয়াখানা।
বাঘ, জেব্রা, হরিণ, গন্ডার, সাপ, হাতি নিয়ে ১২০০-র বেশি পশুপাখি দেখার সুযোগ রয়েছে এখানে। সামনেই বড়দিন। তারপর রয়েছে একে একে বর্ষবরণ এবং নতুন বছরের শুরু। শীতের দুপুরে ছুটি কাটানোর আনন্দ উপভোগ করতে আগ্রহী থাকলেও অনেক সময়েই ভিড়ে টিকিট কাটার ঝঞ্ঝাটের জন্য প্ল্যান ক্যানসেল করে দেন অনেকে। সে কারণেই কিউআর কোড স্ক্যানের করে টিকিট কাটার সহজ বন্দোবস্ত করেছে কর্তৃপক্ষ। সহজেই বাড়িতে বসে টিকিট কেটে ফেলতে পারবেন দর্শকরা। কিউআর কোড স্ক্যান করলেই অনায়াসে হয়ে যাবে বুকিং।
কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে https://kolkatazoo.in/alipore/ ওয়েবসাইট থেকে টিকিট কাটার বন্দোবস্ত করেছে আলিপুর চিড়িয়াখানা। ওয়েবসাইটে ঢুকে ETickets বাটনে গিয়ে টিকিট কাটার অপশন পাওয়া যাবে। সেখান থেকে নির্দিষ্ট তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পাঁচ বছরের নীচে শিশুদের জন্য এন্ট্রি ফি ২০ টাকা। পাঁচ বছরের ঊর্ধ্বে সকলের ৫০ টাকা। বাড়তি আকর্ষণ হিসেবে রয়েছে অ্যাকোরিয়াম। সেটি মাথা পিছু ২০ টাকা এন্ট্রি ফি। অনলাইন পেমেন্টের অপশন সিলেক্ট করার পর UPI সিলেক্ট করলেই স্ক্রিনে কিউআর কোড ভেসে উঠবে। তা স্ক্যান করে সহজেই পেমেন্ট করা যাবে। চিড়িয়াখানার গেটে দাঁড়িয়ে সেই কিউআর কোড স্ক্যান করলেও সহজেই প্রবেশ করা যাবে।