নিজস্ব প্রতিনিধি : দেশের পাশাপাশি রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কলকাতা, ডায়মন্ডহারবার সহ রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। বিগত ৭ দিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৮ জন। রবিবার সন্ধ্যে পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১১। সোমবার সেই আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮।
আক্রান্তদের মধ্যে রয়েছে ৯ মাসের শিশু থেকে ৫৫ বছরের প্রৌঢ়াও। কলকাতা মেডিক্যালে কলেজে চিকিৎসাধীন রয়েছেন ২জন। পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ৯ মাসের এক শিশু। শ্বাসকষ্ট নিয়ে গত ২২ মে ভর্তি করা হয়েছিল তাকে। বর্তমানে অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে শিশুটিকে। ওই হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৫৫ বছরের এক প্রৌঢ়া। ১৯ মে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালেও বেশ কয়েকজন ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, কারও অবস্থা আশঙ্কাজনক নয়। কাউকে আইসিইউতে রাখা হয়নি। তবে সকলকে সাবধানে থাকার কথা বলা হয়েছে।
তবে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, নির্দিষ্ট কোনো এলাকায় দাপট তেমন নেই। করোনার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। জানুয়ারি মাস থেকে রাজ্যে একজন দুজন করে সংক্রমিত হয়েছে। তবে সকলের ক্ষেত্রেই সংক্রমণের মাত্রা খুব কম। আশঙ্কাজনক পরিস্থিতিতে পৌঁছয়নি। আরও জানানো হয়েছে, এই মুহুর্তে আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। তবে খেয়াল রাখতে হবে কোনও এলাকায় উপসর্গ বেশি দেখা দিচ্ছে কিনা। উপসর্গ বাড়লেই ব্যাবস্থা নিতে হবে। সেই কারণে কড়া নজরদারির কথাও জানিয়েছে স্বাস্থ্যভবন।