নিজস্ব প্রতিনিধি : রাজ্যে দ্বিতীয় করোনা (Covid-19) আক্রান্তের মৃত্যু। বিডন স্ট্রিটের কাছে মাধব দাস লেনের বাসিন্দা এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। করোনায় (Corona) আক্রান্ত হয়েছিলেন বলে সূত্রের খবর। পাশাপাশি তাঁরা শারিরীক আরও সমস্যা ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। বেলেঘাটা আইডিতে মারা গিয়েছেন ওই বছর ৪৮ এর ব্যক্তি। তাঁর মৃত্যুর পরেই চলতি মরশুমে পশ্চিমবঙ্গে দ্বিতীয় কোভিড আক্রান্তের মৃত্যু হল। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে একাধিক রোগ ছিল তাঁর।
গোটা দেশের পাশাপাশি রাজ্যেও চোখ রাঙাচ্ছে করোনা। কয়েকদিন আগেও যেখানে সংক্রমণ ছিল মাত্র ১২। সেখানে দেড় সপ্তাহের মধ্যেই সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে ৭০০। প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। চিকিৎসকরা জানাচ্ছেন, সংক্রমণ যেমন বাড়ছে, তেমন সুস্থো হচ্ছেন অনেকেই। সবাইকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। মাস্ক ব্যবহার, স্যানিটাইজেশন সহ একাধিক নিয়ম মেনে চলতে বলা হয়েছে। কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকেই। তবে এই মুহূর্তে কারও সঙ্কটজনক অবস্থা নয় বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। করোনা পরীক্ষা করে পজেটিভ আসে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই অবস্থার অবনতি হয়। সেখানেই কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সোমবার বিষয়টি জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত সপ্তাহেই রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এবলার এল দ্বিতীয় মৃত্যুর খবর। তিন বছর পর আচমকাই বিশ্বের সর্বত্রই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। দেশে ক্রমাগত বাড়ছে সংক্রমণের হার। পশ্চিমবঙ্গেও উদ্বেগ বাড়াচ্ছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। জানা গিয়েছে, সমস্ত বেসরকারি আরটিপিসিআর সেন্টারগুলোকে করোনায় আক্রান্তদের আরএনএ-র নমুনা জমা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। তার থেকে জিনোম সিকোয়েন্সিং করা হবে।