নিজস্ব প্রতিনিধিঃ বয়স মাত্র চার বছর। কিন্তু তাও সে রক্ষা পেল না। খাস কলকাতার বেহালায় এক শিশুকন্যাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল পুরসভার কর্মীর বিরুদ্ধে । বুধবার সকালে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের শীলপাড়া এলাকা।
স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো বুধবার সকালেও শীলপাড়া এলাকায় সাফাইয়ের কাজ করছিলেন ওই কর্মী । আর সেইসময় চার বছরের এক শিশুকন্যা বাড়ির সামনে খেলা করছিল। অভিযোগ উঠেছে, বাড়ির সামনে শিশুকন্যাটিকে একা পেয়ে যৌন নিগ্রহের চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু এই ঘটনা নজর আসে স্থানীয় বাসিন্দাদের । সঙ্গে সঙ্গে তাঁরা সাফাইকর্মীকে লাইট পোস্টে বেঁধে ব্যাপক গণধোলাই দেয় জনতা। শুধু তাই নয় মাথা ন্যাড়া করে দেওয়া হয় । এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিদেবপুর থানার পুলিশ।
ইতিমধ্যেই পুরসভার কর্মীকে গ্রেফতার করা হয়েছে । সেইসঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে এসেছে শিশুকন্যার পরিবার । এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । বলা বাহুল্য , এদিনের এই হেনস্থার ঘটনায় ফের কলকাতায় নাবালিকা এবং শিশুকন্যাদের নিরাপত্তা নিয়ে বাড়ছে চিন্তা । কেন এখন কমছে না নির্যাতন তা নিয়ে উঠছে প্রশ্ন ।