নিজস্ব প্রতিনিধিঃ জেল থেকে মুক্তি পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু । তারপরেই জল্পনা শুরু হয় মন্ত্রীসভায় কী তিনি আবার ফিরছেন? এই আবহে সোমবার বিধানসভার পরিষদীয় দলের বৈঠকে বালুকে নিয়ে বিশেষ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় ,’ রাজনৈতিক কারণে ওকে আড়াই বছর জেলে আটকে রাখল। বালুর বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি ইডি। তাই ও জামিন পেয়েছে।’
বলা বাহুল্য, বাংলায় তৃণমূল সরকার আসা থেকেই দলের শীর্ষে ছিলেন জ্যোতিপ্রিয় । উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি থাকার পাশাপাশি তিনি ছিলেন রাজ্যের খাদ্য মন্ত্রী । ২০২১ সালে বালুকে করা হয় বনমন্ত্রী । বলা যায়, মন্ত্রীসভার খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি । এহেন অবস্থায় তাঁকে ইডি হেফাজতে নেওয়ার পরও কিছুদিন মন্ত্রিসভা থেকে সরানো হয়নি। তবে শেষপর্যন্ত বালুকে মন্ত্রীসভা থেকে সরিয়ে দায়িত্ব পান বীরবাহা হাঁসদাকে।
উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার হন জ্যোতিপ্রিয় । প্রায় ১৪ মাস জেল হেফাজতে থাকার পর ২০২৫ সালের ১৫ জানুয়ারি বিশেষ ইডি আদালতের নির্দেশে জামিন পান তিনি । তবে ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং ২৫ হাজার টাকার দু’টি জামিন বন্ডে শর্তসাপেক্ষে জামিন মেলে বালুর । তারপর থেকেই জল্পনা শুরু হয় , তাহলে কী আবার মন্ত্রীসভায় ফিরছেন তিনি ? এই আবহে বালুর ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।