নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সেলফি তোলার নাম করে হাওড়ার বালি ব্রিজ থেকে সোমবার গঙ্গায় ঝাঁপ এক প্রৌঢ়ের। সোমবার বিকালের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিখোঁজ ব্যক্তির নাম তাপস রঞ্জন চক্রবর্তী(Tapas Ranjan Chakraborty) (৫৫)। তিনি বাগুইআটির(Baguiati) নারায়ণতলার শিবশংকর বিল্ডিং – এর বাসিন্দা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ এবং রিভার ট্রাফিক পুলিশ। খবর দেওয়া হয়েছে ওই প্রৌঢ়ের পরিবারকে। জানা গেছে, তাপস বাবু পরিচিত এক গাড়ি চালকের সঙ্গে বালি ব্রিজ ঘুরতে এসেছিলেন। ফেরার পথে বালি থেকে দক্ষিণেশ্বর(Dakhineswar) যাওয়ার সময় আচমকাই তিনি সেলফি তোলার নাম করে গাড়ি থেকে নেমে বালি ব্রিজ থেকে আচমকা গঙ্গায় ঝাঁপ দেন। গঙ্গায় তলিয়ে যান তিনি।
ঘটনাস্থলে আসে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ(DMG)। গঙ্গায় ডুবুরি নামানো হচ্ছে তল্লাশির জন্য। রাত পর্যন্ত তাপস বাবুর দেহ উদ্ধার হয়নি। অন্যদিকে,গঙ্গার ঘাট থেকে নিখোঁজ ৭ বছরের শিশু। জলে ডুবে যাওয়ার অনুমান।নিজের মায়ের সঙ্গে দিদার বাড়িতে ঘুরতে এসে আচমকা নিখোঁজ হয়ে গেল এক ৭ বছরের শিশু। সোমবার আনুমানিক দুপুর ১টা নাগাদ হাওড়ার বি-গার্ডেন গঙ্গার ঘাট থেকে নিখোঁজ হয় বর্ধমানের আটঘড়া মঙ্গলকোট থানার(Mangolkot P.S.) বাসিন্দা কৌশিক মাঝি।পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটির মা শিল্পা মাঝি তাকে সঙ্গে করে স্নান করাতে গঙ্গার ঘাটে নিয়ে আসেন। স্নান করানোর পর কৌশিককে ঘাটে দাঁড় করিয়ে রেখে শিল্পা নিজে গঙ্গায় স্নান করতে নামেন। কিছুক্ষণ পরে ফিরে এসে ছেলেকে আর খুঁজে পাননি তিনি। আশপাশে বহু জায়গায় খোঁজাখুঁজি করেও যখন সন্ধান মেলেনি, তখনই শিল্পা মাঝি বিকেল সাড়ে ৪টা নাগাদ এজেসি বোস থানায় গিয়ে নিখোঁজ অভিযোগ দায়ের করেন।
জানা গিয়েছে, কৌশিক মাঝি বর্তমানে বি-গার্ডেন ৫৫ নম্বর বাসস্ট্যান্ড এলাকার দিদার বাড়িতে ঘুরতে এসেছিল। প্রায় দু’মাসের জন্য সেখানেই ছিল সে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, হয়তো গঙ্গায় পড়ে গিয়ে শিশুটি জলে ডুবে যেতে পারে। ঘটনার পর বিকেল ৫টা নাগাদ পুলিশ গঙ্গার ঘাট এলাকায় পৌঁছায় এবং খোঁজ শুরু করে। তবে এখন পর্যন্ত শিশুটির কোনও খোঁজ মেলেনি।পুলিশের পক্ষ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর তরফ থেকে কর্মীরা আসেন। ডুবুরী নামিয়ে খোঁজ শুরু হয়। প্রথমে পুলিশের তরফ থেকে খোঁজার চেষ্টা করলেও না পেলে অবশেষে ডুবুরি নামিয়ে গঙ্গায় খোঁজ চালানো হচ্ছে।