নিজস্ব প্রতিনিধিঃ বিষ স্যালাইনে পাঁচ প্রসূতির মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে চিকিৎসাধীন তিন প্রসূতি। তুলনামূলক ভাবে স্থিতিশীল ছিল রেখা সাউ নামে এক প্রসূতির। কথা ছিল মেদিনীপুর মেডিক্যাল হাসপাতাল থেকে মঙ্গলবারই বাড়ি ফিরবেন রেখা সাউ। কিন্তু দুপুরের দিকে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়। জ্বর আসায় তাঁর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রেখার স্বামী সন্তোষ সাউ।
অন্য দিকে, রেখার সদ্যোজাত সন্তান এখনও মেদিনীপুর মেডিক্যালের এনআইসিইউতে ভর্তি। রেখার পরিবার সূত্রে জানা গিয়েছে, সে এখনও বিপন্মুক্ত নয়। তবে মৃত প্রসূতি মামণি রুইদাসের পুত্রসন্তান এখন আগের তুলনায় ভাল আছে বলে জানা গিয়েছে। তার জন্ডিস ধরা পড়েছিল। মামণির স্বামী দেবাশিস দাস বলেন, “ছেলের চিকিৎসা চলছে। জানতে পেরেছি ভাল আছে। কাচের ঘরের মধ্যে রয়েছে বলে দেখতে যেতে পারছি না। তবে বলেছে বুধবার ছুটি দিয়ে দেবে।”
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রেখা, মামণি, মাম্পি সিংহ, মিনারা বিবি, নাসরিন খাতুন— এই পাঁচ প্রসূতি সন্তান জন্মের পরে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল। অভিযোগ, স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তারা। শুক্রবার মৃত্যু হয় মামণির। রবিবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় মাম্পি, মিনারা এবং নাসরিনকে।