নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: বর্তমানে মানুষ বাড়ি বসেই সব পেয়ে যাচ্ছে। শুধু অনলাইনে খাবার বা অন্য কিছু কিনে আনাতেই আর সীমাবদ্ধ নেই। এখন ব্যাঙ্কের কাজ থেকে শুরু করে স্কুলের অ্যাডমিশন সবই ওই মুঠো ফোনের দৌলতে বাড়ি বসেই করা যায়। এমনকী এখন বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে চাকরির আবেদন পর্যন্ত সব কিছুই অনলাইনে করা যায়।
তবে এবার জানা যাচ্ছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বাসিন্দারা ঘরে বসেই থানায় ডায়ারি করতে পারবেন। পয়লা মে থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে এই ই-পরিষেবা চালু করা হয়। তাই কোনও প্রয়োজনে মানুষ বাড়িতে বসেই নিজের ফোন থেকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্দিষ্ট পুলিশ স্টেশনে জেনারেল ডায়ারি করতে পারবে।
জানা গিয়েছে, ব্যারাকপুরে আপাতত ৪০টি জিনিসের ভিত্তিতে জেনারেল ডায়ারি করা যাবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্ত যে সমস্ত এলাকা রয়েছে। অর্থাৎ মোট ২৫টি থানা এলাকায় এই বিশেষ পরিষেবা চালু করা হয়েছে পয়লা মে থেকে।
কোনও জিনিস হারিয়ে গেলে বা চুরি হলে সেই অভিযোগ করতে থানায় যেতে হয়। আর তার পর নানা রকমের হয়রানি সহ্য করতে হয়। এই নিয়ে বহুবার অভিযোগ উঠেছে আদালতে। তবে এই সমস্যা কিছুটা হলেও মিটবে বলে মনে করছেন পুলিশ কর্মীরা।
কমিশনারেট সূত্রে খবর, এই পরিষেবা পেতে গেলে প্রথমে ব্যারাকপুর পুলিশের যে নিজস্ব ওয়েবসাইট (barrackporepolice.wb.gov.in) রয়েছে, তাতে ক্লিক করে সিটিজেন সার্ভিস অপশনে গিয়ে নাম রেজিস্ট্রেশন করাতে হবে। সেখানে অভিযোগকারীর নাম, ঠিকানা, কোন জিনিস হারিয়েছে ইত্যাদি বিষয় সমস্ত বিস্তারিত ভাবে উল্লেখ করতে হবে।
এই রেজিস্ট্রেশনের পর যে কোনও প্রয়োজনে আপনি সেখানে জিডি করতে পারবেন। সেখান থেকেই একটি জিডি নম্বর আপনাদের দেওয়া হবে। পরে ওই অভিযোগের অগ্রগতি জানতে ওই নম্বর দিয়ে ওয়েবসাইটে ক্লিক করলেই জানতে পেড়ে যাবেন বিস্তারিত ভাবে।
এই পরিষেবা নিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানিয়েছেন, “সাধারণ নাগরিকদের কথা ভেবেই আমরা ই–জিডি সার্ভিস চালু করেছি, যাতে মানুষের অযথা সময় নষ্ট না হয়। নাগরিকদের কাছে আবেদন, নির্দিষ্ট করে দেওয়া ৪০টি আইটেমের মধ্যে থাকা কোনও কিছু হারিয়ে গেলে যে কেউ অনলাইনে অভিযোগ জানাতে পারবেন। থানা ধরে ধরে প্রতিদিন সেই সমস্ত অভিযোগ পর্যালোচ করা হবে।”