নিজস্ব প্রতিনিধিঃ জয়নগরের পর ফারাক্কার ধর্ষণ কাণ্ডে এক অভিযুক্তকে ফাঁসি আর অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আদালত । আর এই রায়দান হতেই রাজ্য পুলিশকে সাধুবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, ‘প্রত্যেক ধর্ষকের কঠোরতম শাস্তি হিসাবে প্রাপ্য হল মৃত্যুদণ্ড।‘
পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও লেখেন,’ জয়নগরে এক নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের অপরাধীদের মাত্র ৬২ দিনের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই জঘন্য সামাজিক বিদ্বেষ দূর করতে আমাদের একজোট হতে হবে। আমি আশা রাখি দ্রুত অপরাধীদের বিচার এবং শাস্তি দেওয়া হবে। ধর্ষণের মত অপরাধ কখনই সহ্য করা হবে না।‘ সেইসঙ্গে রাজ্য পুলিশ এবং আইনি প্রক্রিয়ার সাথে জড়িত সকলকেই ফারাক্কা কাণ্ডে সাধুবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ।
উল্লেখ্য গত ১২ অক্টোবর মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকায় এক নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ ছিল, ফুল দেওয়ার নাম করে নাবালিকাকে নিজের ঘরে নিয়ে যায় দীনবন্ধু । তদন্তে নেমে স্থানীয় মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদার এবং তাঁর বন্ধু শুভজিৎ হালদারকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃতেরা জানিয়েছিলেন, ফুল দেওয়ার নাম করে নাবালিকাকে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন দীনবন্ধু। সেখানে তিনি এবং শুভজিৎ মিলে নাবালিকার উপর যৌন নির্যাতন চালান। পরে তাকে শ্বাসরোধ করে খুন করেন।
এই ঘটনায় তদন্তের জন্য রাজ্য পুলিশের পক্ষ থেকে জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় সিট। ঘটনার অভিযোগ পাওয়ার পরেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। যাবতীয় তথ্যপ্রমাণ একত্রিত করে মাত্র ২১ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এই ঘটনার ৬০ দিনের মাথায় দীনবন্ধুকে ফাঁসি ও শুভজিৎ-কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।