নিজস্ব প্রতিনিধিঃ দিঘা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেখান থেকেই তিনি জানিয়ে দিলেন অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। মুখ্যমন্ত্রী বলেন,’ মন্দির উদ্বোধনের ৪৮ ঘণ্টা পর শুরু হবে পুজো। আগামী তিন মাসের মধ্যেই মন্দিরের কাজ সম্পন্ন হবে। নিমকাঠের জগন্নাথের মূর্তি তৈরি হচ্ছে। ‘
সেইসঙ্গে মমতা এও ঘোষণা করে দেন, রথে সোনার ঝাড়ু কিনতে তিনি নিজের অ্যাকাউন্ট থেকে দেবেন পাঁচ লক্ষ টাকা । আগামী বছর সোজা রথে তিনি থাকবেন দিঘার জগন্নাথ মন্দিরে। আর উল্টো রথে যাবেন ইসকনে । মুখ্যমন্ত্রী আরও বলেন , ‘মন্দিরের মূল দরজায় থাকবে চৈতন্যদেবের মূর্তি। পুরীর জগন্নাথের মন্দিরে যেমন খাজা পাওয়া যায়, তেমনি দীঘার জগন্নাথ মন্দিরে মিলবে গজা।‘
আরও পড়ুনঃ অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের
পাশাপাশি দিঘার জগন্নাথ মন্দিরের জন্য কত টাকা খরচ হয়েছে তাও এদিন তিনি জানিয়ে দিলেন । মুখ্যমন্ত্রী বলেন, ‘ দিঘার জগন্নাথ মন্দির তৈরিতে ইতিমধ্যেই আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে। আরও কিছু খরচ বাকি আছে। ভোগের ঘর, স্টোর রুম, গেস্ট রুম, বিশ্রাম ঘর, সবই আলাদা থাকছে দিঘার জগন্নাথ মন্দিরে। পুজোর ডালার জন্য ঘর হবে।‘ বলা বাহুল্য , দিঘার জগন্নাথ মন্দির তৈরি হলে আরও বাড়বে পর্যটকদের সংখ্যা ।
উল্লেখ্য, ২০১৮ সালে দীঘায় জগন্নাথ মন্দির তৈরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর ধীরে ধীরে চলছে জগন্নাথ মন্দির তৈরির কাজ। বর্তমানে নির্মাণকাজ প্রায় ৯০ শতাংশ শেষ। তাই এদিন মন্দির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি করেন আধিকারিকদের সঙ্গে বৈঠক। এরপরেই দিঘার জগন্নাথ মন্দির নিয়ে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ।