নিজস্ব প্রতিনিধি, করিমপুর : নদিয়ার করিমপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫। গুরুতর জখম আরও ৩। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পথ কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক দিয়ে কলকাতার দিকে যাচ্ছিল বাসটি। বাসটির সামনে ছিল একটি মারুতি। গাড়িতে ৫ জন ছিল বলে জানা গিয়েছে। মহিষবাথান মাঠ এলাকায় একটি বেসরকারি যাত্রীবাহী বাস আচমকাই ওই গাড়িকে সজোরে ধাক্কা মারে। গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। বাসটি ফের গাড়িকে ধাক্কা মারে বলে অভিযোগ। এই চালক-সহ মারুতিতে থাকা মোট সবযাত্রীরই ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা। মৃতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
এদিন সকালে বিকট আওয়াজ শুনেই স্থানীয়রা ছুটে আসে। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। মারুতির থেকে যাত্রীদের তাঁরা উদ্ধার করতে পারেনি। দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। তাঁরাই খবর দিয়েছে পুলিশে। বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে করিমপুর থানার পুলিশ। ঘটনাস্থলে এসেছে দমকলও। ক্রেন এনে মারুতি থেকে মৃতদের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেসরকারি বাসের গতিবেগ বেশি থাকার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানার চেষ্টা করছে, দুর্ঘটনা কেন ঘটেছে? গতিবেগ কত ছিল? চালক মদ্যপ ছিল কিনা? পাশাপাশি গাড়িটির সঙ্গে বেসরকারি বাসটি রেষারেষি করার বিষয়টিও দেখছে করিমপুর থানার পুলিশ।